রাজস্ব আদায় ও পানি উৎপাদন—উভয় ক্ষেত্রেই নতুন মাইলফলক স্পর্শ করেছে চট্টগ্রাম ওয়াসা। দীর্ঘদিন ধরে মাসিক ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকা রাজস্ব আদায়ে এবার বড় ধরনের সাফল্য এসেছে। গত মাসের পানির বিল থেকে সংস্থাটির আয় বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকায়, যা ওয়াসার ইতিহাসে সর্বোচ্চ। এক মাসের ব্যবধানে সংস্থাটির রাজস্ব আয় বেড়েছে প্রায় ৭ কোটি টাকা।
একই সময়ে পানি উৎপাদনের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে সংস্থাটি। বর্তমানে প্রতিদিন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন হচ্ছে, যা আগে ৪৬ থেকে ৪৮ কোটি লিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম জানান, দায়িত্ব গ্রহণের পর রাজস্ব আদায় কমে যাওয়ার বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আদায় কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন। এই সমন্বিত প্রচেষ্টার ফলেই অল্প সময়ের মধ্যে রাজস্ব আদায়ে এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
ওয়াসার রাজস্ব ও প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পানির বিলের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ই মূলত সংস্থার লক্ষ্যমাত্রা। আগে এই লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় মাসিক আয় ১৫ থেকে ১৯ কোটি টাকার মধ্যে আটকে ছিল।
চট্টগ্রাম ওয়াসার তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীতে সংস্থাটির মোট ৮৬ হাজার ৩০৯টি সংযোগ রয়েছে। এর মধ্যে ৭৮ হাজার ৫৪২টি আবাসিক এবং ৭ হাজার ৭৬৭টি বাণিজ্যিক সংযোগ। প্রায় এক হাজার ২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে এই গ্রাহকদের পানি সরবরাহ করা হয়। বর্তমানে আবাসিক গ্রাহকরা প্রতি এক হাজার লিটার পানি ১৮ টাকায় এবং বাণিজ্যিক গ্রাহকরা ৩৭ টাকায় ব্যবহার করছেন।





