চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও এরই মধ্যে শুরু হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করেন যে, পুরোপুরি পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যার্তদের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, সড়কগুলো দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে যাত্রা করেন। পর্যায়ক্রমে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।





