বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, চীন বরাবরই তার পাশে দাঁড়িয়েছে। বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদরদপ্তরে সংস্থাটিকে জরুরি সহায়তা হিসেবে ১ লাখ মার্কিন ডলার হস্তান্তর অনুষ্ঠানে তিনি ঢাকার প্রতি বেইজিংয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এই অর্থ অনুদান দেন, যা দেশজুড়ে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিডিআরসিএস-এর চলমান জরুরি কার্যক্রমে ব্যবহৃত হবে। বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম সংস্থার পক্ষ থেকে এই সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইয়াও ওয়েন বলেন, এই ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ আটকা পড়েছেন। এছাড়া কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতির প্রতিফলন। এই কঠিন সময়ে চীনের জনগণ বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, জরুরি সহায়তার বাইরেও চীন বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি এবং বন্যা মোকাবিলার সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা শক্তিশালী করতে কাজ করছে। গত বছর চীন বিডিআরসিএস-কে যে জরুরি সরঞ্জাম দান করেছিল, তা চলমান বন্যা মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে বিডিআরসিএস স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যাপারেও চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।





