গোপালগঞ্জে বিচারকের ছোড়া পেপার ওয়েটে শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটল

প্রকাশ:

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ আদালত-২-এ এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার ছোড়া কাঁচের পেপার ওয়েটটি সরাসরি ওই আইনজীবীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালত কার্যক্রম চলাকালে বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখেন বিচারক মো. সুজন মিয়া। এ সময় বিচারক তাদের লক্ষ্য করে ওই পেপার ওয়েটটি ছুড়ে মারেন। আঘাত পাওয়ার পরপরই সাবিহা সুলতানাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আদালত প্রাঙ্গণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন