চুয়াডাঙ্গায় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, আব্দুল্লাহ একটি মোটরসাইকেলের ত্রুটি পরীক্ষার জন্য সেটি চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
এই বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





