আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনপ্রতিনিধিদের জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়। এছাড়া স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
ত্রাণ বণ্টনের বিষয়ে মন্ত্রী বলেন, ত্রাণ যেন সঠিকভাবে বণ্টন করা হয় এবং গরিবের হক যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতিও দেন তিনি। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে এই কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আগে ত্রাণের বরাদ্দ এপ্রিল মাসে দেওয়া হলেও এবার থেকে তা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এর ফলে বাকি চার মাস সময় পাওয়া যাবে ত্রাণ বণ্টনের কাজ সম্পন্ন করার জন্য।





