শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হলো আহমদ ছফার দেহাবশেষ

প্রকাশ:

প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ ছফার দেহাবশেষ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। মৃত্যুর প্রায় ২৫ বছর পর আজ বুধবার দুপুর ১২টার দিকে তার দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয়। ২০০১ সালের ২৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু জানান, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের একটি অংশে সাধারণ মানুষকে দাফন করা হয় এবং অন্য অংশে রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয়। ২০০১ সালে ‘রাজনৈতিক কারণে’ ছফাকে সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেখান থেকে তার দেহাবশেষ তুলে বুদ্ধিজীবী কবরস্থানের মূল অংশে স্থানান্তর করা হলো।

গত শনিবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা ২০২৬’ সেমিনারে অধ্যাপক সলিমুল্লাহ খান এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি জানান, আহমদ ছফার মৃত্যুর সময় দেশে তত্ত্বাবধায়ক সরকার থাকলেও কবরস্থানের দায়িত্বে থাকা সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের ব্যক্তিরা তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে দেননি। অধ্যাপক সলিমুল্লাহ খান আক্ষেপ করে বলেন, যিনি আজীবন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাকে দাফন করতে গিয়েও ঘুষ দিতে হয়েছিল।

আহমদ ছফার ভাতিজা ও লেখক নূরুল আনোয়ার তার চাচার দেহাবশেষ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বরাবর আবেদন করেছিলেন। পরিবারের সেই আবেদন মঞ্জুর করে ডিএনসিসি এবং পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসকের অনাপত্তি পাওয়ার পর এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন