ফিল্ম আর্কাইভে ঠাঁই পেল বুলবুল আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মারক

প্রকাশ:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘মহানায়ক’ হিসেবে পরিচিত প্রয়াত বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়েছে। বুধবার তার জন্মদিনকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে তার পরিবার।

বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ এবং তার মেয়ে তিলোত্তমা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে এসব পুরস্কার ও সম্মাননা তুলে দেন। আগামীকাল শুক্রবার, ৪ সেপ্টেম্বর, প্রয়াত এই অভিনেতার জন্মদিন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে বুলবুল আহমেদের অসামান্য অবদানের স্মারক হিসেবে এই পুরস্কার ও সম্মাননাগুলো জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিন ঘিরে পরিবার ও তার অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তার দীর্ঘ শিল্পীজীবনের অর্জন ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে দান করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

পরিবারের প্রত্যাশা, এর মাধ্যমে চলচ্চিত্র অনুরাগী দর্শকরা তার কাজগুলো দেখার সুযোগ পাবেন এবং তার স্মৃতি ও কীর্তি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকবে।

শেয়ার করুন