বলিউডের অন্বেষার সঙ্গে বাংলাদেশের মাসুমের নতুন মৌলিক গান

প্রকাশ:

বাংলাদেশের সংগীতশিল্পী মাসুম বিল্লাহর সঙ্গে একটি নতুন মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষা দত্তগুপ্ত। 'যদি তুমি চাও' শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন মাসুম বিল্লাহ নিজেই। গানটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের আরেক সংগীত পরিচালক সন্দীপ কুমার দেব। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং ও সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে।

শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া মাসুম বিল্লাহ এর আগে নিয়মিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে গান প্রকাশ করলেও, এবারই প্রথম নিজের লেখা ও সুরে বলিউডের জনপ্রিয় কোনো শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে শ্রোতাদের সামনে আসছেন।

গানটি নিয়ে অন্বেষা দত্তগুপ্ত বলেন, 'সুর ও কথাগুলো আমার খুব ভালো লেগেছে। মাসুমের লেখা, সুর ও গায়কীর সঙ্গে সন্দীপের সংগীতায়োজন গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। আশা করছি, বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের গানটি ভালো লাগবে।'

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গানটি খুব শীঘ্রই আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউবে প্রকাশ করা হবে।

শেয়ার করুন