আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোটারদের কাছে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং স্থানীয় যোগাযোগকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করবে বিএনপি। দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করবেন। এক্ষেত্রে দলের দুঃসময়ে মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিশেষ মূল্যায়ন এবং অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং জয়পুরহাট ও নওগাঁ জেলার নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, সভায় স্থানীয় সরকার নির্বাচনের আগে জেলা ও উপজেলাসহ সকল কমিটি পুনর্গঠন করা হবে, নাকি নির্বাচনের পরে করা হবে—সে বিষয়ে নেতাদের মতামত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সকল জেলায় নেতাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
মতবিনিময় সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক তিন নেতা জানিয়েছেন, সভায় নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি কিছু অভিযোগও জানিয়েছেন। এছাড়া সভায় দল সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।





