বিএনপিকে কোনো অপশক্তিই দমাতে পারবে না: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ:

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, কোনো অপশক্তিই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দুলু বলেন, বিগত ৪৮ বছরে দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার অনেক চক্রান্ত হয়েছে। তবে শত প্রতিকূলতার মধ্যেও দলটি দমে যায়নি, বরং জনসমর্থন ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি ততবারই জয়লাভ করেছে এবং দলটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম।

নিজেকে বিএনপির একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা তার জন্য গর্বের। তিনি আমৃত্যু দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তিনি বিগত শাসনামলের গুম, খুন ও নির্যাতনের কঠোর নিন্দা জানিয়ে বলেন, যারা এসব অপরাধ ও গণহত্যার শিকার হয়েছে, তারাই একদিন এসবের বিচার নিশ্চিত করবে এবং খুনী হাসিনার বিচার এই দেশের মাটিতেই হবে।

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার নতুন প্রত্যয় ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে দলের সব নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন হুইপ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারী। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।

প্রধান বক্তা বাবুল আহমেদ বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দলকে গণমানুষের কাছে প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ অতিথি কাজী রফিক বলেন, শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব হয়েছিল। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন