নারীদেহ নিয়ে অবাস্তব প্রত্যাশায় সরব অভিনেত্রী বিপাশা বসু

প্রকাশ:

বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘ সময় ধরে নারীদের স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতায় উদ্বুদ্ধ করে আসছেন। তবে মা হওয়ার পরবর্তী অভিজ্ঞতায় নিজের শারীরিক পরিবর্তন, সৌন্দর্য এবং ওজন নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি ও সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়ার বিষয়টি নিয়ে তিনি এবার সরব হয়েছেন।

'এল ইন্ডিয়া' ম্যাগাজিনের প্রচ্ছদ শুটিংয়ে অংশ নিয়ে বিপাশা তার মাতৃত্বের পরের জীবনের নানা দিক তুলে ধরেন। ২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি কন্যা দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান। মা হওয়ার পরপরই তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নারীদেহ নিয়ে সমাজের আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত। তার মতে, ৪০ বছর বয়সে মা হওয়ার পরও সমাজের পক্ষ থেকে এমন প্রত্যাশা করা হয় যে, একজন নারী যেন অলৌকিকভাবে আবার ২০ বছরের তরুণীর চেহারায় ফিরে যান। তিনি আক্ষেপ করে বলেন, একজন নতুন মা সন্তান, পরিবার এবং নিজের জীবন সামলাতে যে কঠোর পরিশ্রম করেন, সেটি সমাজের নজরে খুব কমই আসে।

বিপাশার ভাষ্যমতে, সমাজ একজন নারীর দ্রুত পুরোনো চেহারায় ফিরে আসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেখানে তার মাতৃত্বের পরিশ্রম ও শারীরিক পরিবর্তনের বাস্তবতাকে বোঝার চেষ্টা খুব কম মানুষই করেন।

পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণ এবং সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হলেও নিজের আত্মবিশ্বাস অটুট রেখেছেন বিপাশা। তিনি বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ এবং কোনো ট্রল আমাকে ভাঙতে পারবে না। বাইরের নেতিবাচক মন্তব্য বা কোলাহল তাকে প্রভাবিত করতে পারে না জানিয়ে তিনি আরও বলেন, তার পথচলা কতটা কঠিন ছিল সেটি তিনি জানেন এবং পরিস্থিতির প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার নিজের রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে 'অ্যালোন' সিনেমার সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার পরিচয় হয় এবং ২০১৬ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজের ক্ষেত্রে বিপাশাকে সর্বশেষ এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ 'ডেঞ্জারাস'-এ দেখা গেছে, যা ছিল ওটিটিতে তার অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে দূরে থাকলেও তিনি কন্যা দেবীকে নিয়ে সংসার ও ব্যক্তিগত জীবন উপভোগ করছেন।

শেয়ার করুন