বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ এবং আয় বৃদ্ধির সাথে সাথে সরকার বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ আলোচনা হয়।
মন্ত্রী জানান, হজযাত্রীদের বিমান ভাড়া আগের চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে। এক সময় যেখানে প্রায় ২ লাখ টাকা ভাড়া দিতে হতো, অন্তর্বর্তী সরকার তা কমিয়ে প্রায় ১ লাখ টাকায় নামিয়ে আনে। গত হজে সর্বোচ্চ ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার টাকা, যা এ বছর ডায়নামিক প্রাইসিং পদ্ধতি অনুসরণ করে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য এয়ারলাইন্সের প্রচলিত পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখেই টিকিটের মূল্য নির্ধারণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ঢাকা-চট্টগ্রাম রুটে অভ্যন্তরীণ বিমান ভাড়ার বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের (রাজশাহী-১) প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, এই রুটে প্রকৃত ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা, ১২ হাজার টাকা নয়। এর সাথে ১৫ শতাংশ কর ও অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত থাকে। ফ্লাইট ছাড়ার শেষ সময়ে টিকিটের মূল্য কারসাজি বা কালোবাজারি প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে সরকার নিরলস কাজ করছে।





