বাউফলে ননদের ছোড়া ফুটন্ত ভাতের হাঁড়িতে ঝলসে গেল গৃহবধূর শরীর

প্রকাশ:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এক গৃহবধূর শরীরে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোছা. শারমিন বেগম (২৮) ওই গ্রামের মো. দুলাল প্যাদার স্ত্রী। অভিযুক্ত সালমা বেগম (২২) শারমিনের ননদ।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, বেলা দুইটার দিকে শারমিন রান্নাঘরে মাটির চুলায় ভাত রান্না করছিলেন এবং পাশে বসে সালমা সবজি কাটছিলেন। এ সময় পারিবারিক পূর্ববিরোধ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সালমা হঠাৎ চুলায় থাকা ফুটন্ত ভাতের হাঁড়িটি শারমিনের ওপর ঢেলে দেন। এতে শারমিনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জানান, ভাতের মাড় আঠালো হওয়ায় শারমিনের ঘাড়, বুক, পিঠ, হাত ও পায়ের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে।

শারমিনের স্বামী দুলাল প্যাদা দাবি করেছেন, তাঁর বোন সালমা মানসিক সমস্যায় ভুগছেন এবং হঠাৎ করেই তিনি এই অঘটন ঘটিয়ে ফেলেছেন। ঘটনার বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন