জাতীয় সংসদে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত

প্রকাশ:

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মূল ভবনের প্রবেশ টানেলে এই জানাজা সম্পন্ন হয়। আসরের নামাজের পর অনুষ্ঠিত এই জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অধিবেশন চলাকালে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, আজ ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন