ব্যাংক এমডিদের কাজের মূল্যায়ন হবে ১০০ নম্বরের নতুন কাঠামোয়

প্রকাশ:

দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাজের মূল্যায়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে, যেখানে এমডিদের পারফরম্যান্স যাচাইয়ের জন্য ১০০ নম্বরের একটি সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন এই নীতিমালার আওতায় প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে আগামী এক মাসের মধ্যে তাদের এমডি ও সিইওদের জন্য কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যমাত্রা তিন বছর বা এমডির অবশিষ্ট মেয়াদের জন্য প্রযোজ্য হবে। প্রতি ছয় মাস অন্তর এই লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।

মূল্যায়ন কাঠামোতে পাঁচটি প্রধান সূচককে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে তহবিল সুরক্ষা ও তারল্য পরিস্থিতির জন্য ২৫ নম্বর, সম্পদের গুণগত মানের জন্য ২৫ নম্বর, সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য ২৫ নম্বর, আর্থিক অন্তর্ভুক্তকরণ, গ্রাহকসেবা ও বাজার আচরণের জন্য ১৫ নম্বর এবং মুনাফা অর্জনের জন্য ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৭৫ বা তার বেশি নম্বর পেলে তা মানসম্মত রেটিং হিসেবে গণ্য হবে। ৬৫ থেকে ৭৫ নম্বর পেলে এমডিরা ‘এভারেজ’ বা উন্নতির প্রয়োজন এমন রেটিং পাবেন। তবে ৬৫-এর নিচে নম্বর পেলে ‘বিলো এভারেজ’ হিসেবে গণ্য করা হবে এবং বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট এমডিকে নোটিশ দেবে। ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে এমডির মেয়াদ বৃদ্ধি না করা বা পরিচালনা পর্ষদকে তাদের অপসারণের নির্দেশ দেওয়ার বিধানও রাখা হয়েছে।

পারফরম্যান্স মূল্যায়নে অন্তত ৩০টি কেপিআই নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছয়টি প্রধান ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ অর্জনে ব্যর্থ হলে নম্বর কর্তনের বিধান রয়েছে। এই ছয়টি ক্ষেত্র হলো আমানত-ঋণ অনুপাত, মোট খেলাপি ঋণের অনুপাত, প্রকৃত খেলাপি ঋণের অনুপাত, বড় ঋণের ঝুঁকি, খেলাপি ঋণ আদায় এবং সিএমএসএমই, কৃষি, গ্রিন ফাইন্যান্স ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসার। কোনো কেপিআইয়ের লক্ষ্যমাত্রা ৫০ শতাংশের কম অর্জিত হলে ওই সূচকে কোনো নম্বর পাওয়া যাবে না। তবে ৫০ শতাংশ বা তার বেশি অর্জিত হলে আনুপাতিক হারে নম্বর যোগ হবে এবং শতভাগ অর্জনে পূর্ণ নম্বর পাওয়া যাবে। সামগ্রিক নীতিমালায় খেলাপি ঋণ ব্যবস্থাপনাকেই এমডিদের মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শেয়ার করুন