বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

প্রকাশ:

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ শুধু কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, দেশপ্রেম এবং স্বাধীন সত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি সামাজিক ও রাজনৈতিক দর্শন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (সিবিএস) আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ: তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইটির রচয়িতা রুহুল আমিন।

তথ্যমন্ত্রী বলেন, একটি জাতির আত্মপরিচয় বুঝতে হলে তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা অনুধাবন করা জরুরি। গবেষক রুহুল আমিনের এই গ্রন্থ সেই আলোচনাকে সমৃদ্ধ করার একটি সময়োচিত উদ্যোগ। তিনি আরও বলেন, জ্ঞান ও গবেষণার বিষয়বস্তুকে কোনো দলীয় বৃত্তে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। রাজনৈতিক দর্শন নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক সমাজব্যবস্থায় মুক্ত আলোচনা ও বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের ঐতিহাসিক পটভূমি ও বর্তমান প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের সামনে যুক্তিনির্ভরভাবে তুলে ধরা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, ভাষা ও মতের বৈচিত্র্যের মাঝেও বাংলাদেশের নাগরিক হিসেবে অভিন্ন পরিচয়কে গুরুত্ব দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জাতীয়তাবাদের এই দর্শন দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তিনি আরও বলেন, জাতীয়তাবাদকে ধারণ করতে হলে ন্যায়বিচার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। রুহুল আমিনের বইটি সমকালীন রাজনীতিতে জাতীয়তাবাদের গুরুত্ব বুঝতে পাঠকদের সহায়তা করবে।

সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মোহনা টিভির নির্বাহী পরিচালক এম এ মালেক।

শেয়ার করুন