নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত, আহত আরেকজন

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিন বরোর একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা' রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম ইউসুফ রাজু (৪৪) এবং এ ঘটনায় আহত অপর বাংলাদেশির নাম রাসেল (৩৯)।

পুলিশ ও স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, রেস্তোরাঁয় বিল পরিশোধ না করে চলে যাওয়ার চেষ্টাকালে এক ক্রেতার সাথে রাজু ও রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি বন্দুক বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ব্রুকলিনের নোয়াখালী প্রবাসী কমিউনিটির নেতা শহীদুল্লাহ কাওসারের বরাত দিয়ে এই তথ্য পাওয়া গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ রাজুকে দ্রুত ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছিল। অন্যদিকে, রাসেলের পায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় জড়িত ব্যক্তি বা হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। রোববার রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাংশনগরে। প্রায় তিন বছর আগে দালালের মাধ্যমে ৩০ লাখ টাকা খরচ করে মেক্সিকো সীমান্ত দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় ও স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছিলেন। দেশে তার স্ত্রী, তিন সন্তান এবং বাবা-মা ও ভাই-বোন রয়েছেন। আহত রাসেলও নোয়াখালীর বাসিন্দা এবং তিনিও দালালের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলে জানা গেছে। নোয়াখালী সোসাইটির নেতা নজমুল হক মানিক জানিয়েছেন, রাজুর মরদেহ দেশে পাঠানোর জন্য কমিউনিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন