যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে দিল্লি হয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান। সফরসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে তিনি বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকার প্রথম দিন থেকেই সম্পর্ক রাখছে। এটি একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই সম্পর্কটা রাখছি এবং এটা এগিয়েই যাচ্ছে।
বৈঠকের বিষয়ে সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বাংলাদেশে তার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে তারা আলোচনা করেছেন এবং অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশ যে সহায়তা পায়, তার অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়ে কোনো আলোচনা না হলেও, যুক্তরাষ্ট্রের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।





