২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় আগস্টে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ। চলতি অর্থবছরের আগস্ট মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে, যেখানে গত অর্থবছরের একই মাসে এই পরিমাণ ছিল ৬৫০ দশমিক ৩৪৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্ট মিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট ১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৮০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানিকে ১২ মাসের সমান গড় হিসেবে ধরলে মাসিক গড় ছিল ৬৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির মাসিক গড় গত অর্থবছরের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল প্রায় ৯ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাকের অবদান ছিল ৭ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। পোশাকের বাইরে চামড়া, পাট, হোম টেক্সটাইল, ওষুধ ও হালকা প্রকৌশল পণ্যের মতো খাতগুলোতেও রপ্তানির সুযোগ রয়েছে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক জানান, শীতকালীন পোশাকের অর্ডারের সময়সীমা শেষ হওয়ায় আগস্টে রপ্তানি বেড়েছে। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও উদ্যোক্তাদের সক্ষমতা বজায় রয়েছে এবং পণ্যের বৈচিত্র্য বাড়াতে পারলে এই রপ্তানি আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ও ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান মনে করেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে সরকারের নীতি-ধারাবাহিকতা ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, বর্তমানে যে গতিতে রপ্তানি বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি রপ্তানি সম্প্রসারণের জন্য পণ্যের বৈচিত্র্য, উচ্চমূল্য সংযোজন এবং মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

শেয়ার করুন