অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মানসিক শক্তি, চমৎকার দলীয় সংহতি, ধৈর্য এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, এই ধারা বজায় রেখে ভবিষ্যতে ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। তিনি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





