বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। গত ৮ জুলাই জারি করা পূর্ববর্তী গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যার কারণে বান্দরবানের সার্বিক পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেছে। জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে জেলা প্রশাসন পর্যটন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে।





