৯ দিন পর পর্যটকদের জন্য খুলল বান্দরবানের পর্যটনকেন্দ্রসমূহ

প্রকাশ:

টানা ৯ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে গত ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা প্রশাসন পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পর্যটকদের জন্য সব কেন্দ্র উন্মুক্ত করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রটি আরও চার দিন বন্ধ থাকবে। ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে দেবতাখুমের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আগামী মঙ্গলবার পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং জেলার বন্যার পানিও হ্রাস পেয়েছে। এছাড়া পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করায় যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে এবং সার্বিক জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। এ পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আর না বাড়িয়ে আজ থেকে রুমা ও থানচি উপজেলাসহ জেলার অন্যান্য পর্যটন গন্তব্যে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের আগের নিয়ম মেনে প্রশাসনকে অবহিত করে এবং নিবন্ধিত ট্যুর গাইডের সহায়তা নিয়ে ভ্রমণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থানচির নাফাখুম, রেমাক্রী, থুইসাপাড়ার দুর্গম এলাকায় ১৬৭ জন এবং রুমার কেওক্রাডং ও বগালেকে ৩৭ জনসহ মোট ২০৪ জন পর্যটক আটকে পড়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।

শেয়ার করুন