রাজধানীর আগারগাঁওয়ে বর্তমানে চলমান ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টল পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তিনি মেলা প্রাঙ্গণে স্থাপিত বিএডিসি’র স্টলটি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে সুলভ মূল্যে উন্নত জাতের বিভিন্ন গাছের চারা সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে ‘সদকাহ’ হিসেবে গণ্য করা হয় এবং বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ সম্পদের দীর্ঘমেয়াদী ও টেকসই গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারি পর্যায়ে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গত ৯ জুলাই ২০২৬ থেকে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মাসব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
মেলার শুরু থেকেই বিএডিসি’র স্টলে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এই স্টলে দেশি-বিদেশি, সুপরিচিত ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফুল, ফল এবং ঔষধি গাছের চারা স্থান পেয়েছে। পরিদর্শনের সময় বিএডিসি চেয়ারম্যান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করার পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।



