ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: জড়িতদের পরিচয় শনাক্ত

প্রকাশ:

ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কের রাস্তায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ইতালির মেস্ত্রের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তাঁর গায়ে কোক ও ডিম ছোড়া হয়, তাঁকে আঘাত করা হয় এবং তাঁর মুঠোফোনও ছুড়ে ফেলা হয়।

ঘটনাটি ফেসবুকে লাইভ করছিলেন মনিরুল হাওলাদার নামের এক ব্যক্তি। ওই লাইভের ক্যাপশনে লেখা ছিল, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’ মাদারীপুর জেলার বাসিন্দা মনিরুল ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে। ভিডিওতে দেখা যায়, শিপল মাহমুদ বিপ্লব বারবার বাঁধনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে পানি ছুড়ে দিচ্ছেন। শরীয়তপুরের বাসিন্দা শিপল বর্তমানে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এর আগে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ইলিয়াস মিয়া বাঁধনের দিকে এগিয়ে গিয়ে তাঁকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন। এতে অভিনেত্রীর হাতে আঘাত লাগে এবং তাঁর মুঠোফোনটি হাত থেকে পড়ে যায়। ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াসের উপস্থিতির একাধিক ছবি পাওয়া গেছে।

এছাড়া ঘটনার সময় আলতাফ পাহাড় নামের একজনকে বাঁধনকে শাসাতে দেখা যায়। শরীয়তপুরের বাসিন্দা আলতাফ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে যুক্ত বলে তথ্য পাওয়া গেছে। ভিডিওতে তাঁকে অপেক্ষাকৃত সামনের সারিতে থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে। হামলাকারীদের পক্ষ থেকে সে সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে শোনা যায়।

শেয়ার করুন