আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. নূরুল করিম। রোববার তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি লিখেছেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি আর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক নন। তাই তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন এবং এটি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নূরুল করিমের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ছবি ও তথ্য প্রকাশিত হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি তাকে ডেকে এসব বিষয়ে জিজ্ঞেস করেছি এবং তিনি বিষয়গুলো অস্বীকার করেননি। এরপরই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে না থাকার বিষয়টি জানান।
অ্যাটর্নি জেনারেল আরও নিশ্চিত করেছেন যে, নূরুল করিম ব্যক্তিগত কারণ দেখিয়েই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটি তার কার্যালয়ে গ্রহণ করা হয়েছে। পদত্যাগপত্রটি পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।





