সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত

প্রকাশ:

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ১২ জুলাই রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে সোহেল উদ্দিনকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন। বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এই শাস্তিমূলক ব্যবস্থার পেছনে রয়েছে সহকারী কর কমিশনার তানজিনা সাথীর দায়ের করা একটি মামলা। আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল উদ্দিন বাদী ও তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগে আরও বলা হয়েছে, টাকা নেওয়ার পর সোহেল উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং অর্থও ফেরত দেননি। এই মামলায় আদালত ইতোমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এছাড়া, সোহেল উদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুক সংক্রান্ত আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন