অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশে ভারতে রাজনৈতিক উত্তেজনা

প্রকাশ:

অরুণাচল প্রদেশের উপানসুরি জেলাসংলগ্ন সীমান্তে চীনা সামরিক বাহিনীর (পিএলএ) অনুপ্রবেশ এবং ভারতীয় বাহিনীকে নির্দিষ্ট টহল পয়েন্টে যেতে বাধা দেওয়ার ঘটনায় নয়াদিল্লির রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোটের (নেডা) শরিক ‘পিপলস পার্টি অব অরুণাচল’ (পিপিএ)-এর একটি সত্যানুসন্ধানী দল সম্প্রতি তাকসিং অঞ্চল পরিদর্শন করে একটি প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রতিকূল আবহাওয়া ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতীয় বাহিনী দুর্গম সীমান্তগুলোতে নিয়মিত টহল দিতে পারে না। অন্যদিকে, চীনা বাহিনী সারা বছরই ওই এলাকায় সক্রিয় থাকে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত বছরের একটি সংঘাতের পর থেকে ভারতীয় বাহিনী ‘শেরাও ৫’ নামের সীমান্ত টহলকেন্দ্রটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর ভারতের প্রধান বিরোধী দলগুলো মোদী সরকারের সীমান্ত সুরক্ষা নীতির তীব্র সমালোচনা শুরু করেছে। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে যে, চীনা বাহিনীর বিস্তৃতির কারণে তারা তাদের পূর্বপুরুষের ব্যবহারের জমি হারাচ্ছেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছে, তবুও বিশ্লেষকদের মতে, আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক আগে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বেইজিং এই বিষয়টিকে স্বাভাবিক হিসেবে অভিহিত করে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন