পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলার লক্ষ্যে দেশজুড়ে থাকা সেনাবাহিনীর সকল অবস্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় আয়োজিত সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান জানান, চলতি বছর সেনাবাহিনী ১১ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বনায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গুরুত্ব দিয়ে বলেন, কেবল গাছ রোপণই নয়, বরং সেগুলো যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও উল্লেখ করেন যে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতেও সেনাবাহিনী তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে। দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর আওতাধীন সকল এলাকায় অত্যন্ত পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এ বছরের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’




