তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশ:

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৯ জুলাই তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওলু এবং তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেলের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণশালার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ ইয়েতকিন এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন।

তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সেনাপ্রধান তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে তুর্কি স্থলবাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, বিভিন্ন বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেছেন। এই সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইএসপিআর।

শেয়ার করুন