কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, রংপুরে বাঁধভাঙা উল্লাস

প্রকাশ:

বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর এক রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে দলটি। ৫৯ মিনিটে কেপ ভার্দের ডেরয় দুয়ার্তের গোল করলে স্কোরলাইন ১-১ সমতায় ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিটেও এই সমতা বজায় থাকে।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ৯১ মিনিটে কর্নার থেকে আসা বলে লিসান্দ্রো দুরূহ কোণ থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ১০৩ মিনিটে কেপ ভার্দের সিডনি ক্যাব্রাল পুনরায় গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে বল কেপ ভার্দের ডিফেন্ডারের হাতে লেগে আত্মঘাতী গোল হলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে রংপুরে আর্জেন্টিনা ভক্তদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা গেছে। রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি জহির আলম নয়ন জানান, জয়ের ব্যাপারে তাদের পূর্ণ আত্মবিশ্বাস ছিল। তিনি কেপ ভার্দের গোলরক্ষকের প্রশংসাও করেন। ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, জাপানের বিপক্ষে তাদের পারফরম্যান্স সবাই দেখেছে, আজকের ম্যাচে উভয় দলই ভালো খেলেছে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় জে জে জানান, কেপ ভার্দে একটি চ্যালেঞ্জিং দল ছিল এবং এই জয় তাদের ফাইনালের মতো আনন্দ দিয়েছে। তিনি আরও বলেন, ঘানার ওঝার কালো জাদু মেসির পায়ের জাদুর কাছে টিকতে পারেনি। আর্জেন্টিনা ভক্ত অনুসিলা এই জয়কে দুর্দান্ত হিসেবে আখ্যা দিয়ে শেষ মুহূর্তের গোলটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন।

শেয়ার করুন