আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ নিয়ে চলমান বিতর্কের মুখে আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিশরের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে মার্কা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার এই সেন্টারব্যাক জানান, তার দৃষ্টিতে রেফারি সবকিছুই বৈধভাবে পরিচালনা করেছেন। মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গে কুবারসি বলেন, স্ট্যাম্পের কারণে ফাউলটি স্পষ্ট ছিল এবং ম্যাচে বিতর্কিত কিছু ঘটেনি।
বেলজিয়ামের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী কুবারসি জানান, তাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী এবং ফরোয়ার্ড ও মিডফিল্ডাররাও রক্ষণে যথেষ্ট সহায়তা করছেন। তার ভাষ্যমতে, দলের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের বিষয়টি নিয়ে তিনি খুব একটা বিচলিত নন। তিনি মনে করেন, এক বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা এবং প্রথম ম্যাচ হিসেবে এটি কঠিন ছিল, তবে এখন দল মানিয়ে নিয়েছে এবং তারা বেলজিয়াম ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না।
লা ভ্যানগার্দিয়ার সঙ্গে আলাপকালে সম্ভাব্য ফাইনালে আইডল লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন কুবারসি। তিনি জানান, ফাইনালে মেসির মুখোমুখি হওয়াটা হবে অসাধারণ একটি বিষয়, কারণ এতে প্রমাণিত হবে যে তারা শিরোপার খুব কাছে পৌঁছে গেছেন। তবে এই মুহূর্তে শতভাগ মনোযোগ ধরে রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।





