আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে পুরোনো নেতৃত্বকে দায়িত্ব

প্রকাশ:

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের আওতায় পুরোনো উদ্যোক্তাদের সমন্বয়ে ১৪ সদস্যের নতুন একটি পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি পরিলক্ষিত হওয়ায় পুরোনো উদ্যোক্তাদের কাছেই এর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখপাত্র আরও বলেন, যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে অন্য অনেক উদ্যোক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় পুরোনো উদ্যোক্তাদের হাতেই পুনরায় দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন এই ১৪ সদস্যের পর্ষদে যারা রয়েছেন তারা হলেন—বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা। এছাড়া কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে, ওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম নতুন পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৩৮আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৪৪

শেয়ার করুন