পাকিস্তানের বেলুচিস্তানে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ নিহত ৩০

প্রকাশ:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন। এছাড়া অভিযানে সশস্ত্র গোষ্ঠীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বড় সংঘর্ষের ঠিক একদিন আগেই জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক এক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি (CPEC)-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত অস্থিতিশীল হয়ে রয়েছে।

শেয়ার করুন