কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ১৯

প্রকাশ:

কক্সবাজারে টানা কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১৪ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অবিরাম বৃষ্টির ফলে জেলার বিভিন্ন স্থানে পাহাড় এবং বাড়ির দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিশেষ অভিযান শুরু করেছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানিয়েছেন, ভারী ও থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি প্রবল হওয়ায় শহরের কলাতলীর হাজীপাড়াসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করলেও তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের অন্যান্য উপজেলাতেও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রমের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মাঠে কাজ করছেন।

শেয়ার করুন