শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপি নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজ প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লাকে মারধর করা হয়।
ঘটনার পর বিকেলে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান হামলার কারণ জানতে আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে বলেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু।’ তিনি আরও বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক। তুমি আছ কোথায় এখন? বসো, আসতেছি। কত মাইনষে কত কথা কইছে, তুমিও অনেক কথা কইছো, ওই বাশার কথা কয়, রাজিব কথা কয়। …তোমরা লেখবা, আমরা পিডাইমু। হুদা না, আমার কথা হইল, তুমি আমারে ফোন করছ, তোমার পিছনে আরএস, সিএসটা দেখ।’
এ বিষয়ে সাংবাদিক পলাশ খান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সহকর্মীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা তাকেও মারধরের হুমকি দিয়েছেন। তিনি ইতিমধ্যে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন এবং লিখিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর আক্রমণের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





