চট্টগ্রামের হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে আজ সোমবার আমানতকারীরা বিক্ষোভ করেছেন। দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে না পারার অভিযোগ নিয়ে তাঁরা সেখানে জড়ো হন। সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভের সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।’ আলাউদ্দিন জানান, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে নিজের আমানতের টাকা থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে তা তুলতে না পারায় মায়ের চিকিৎসা করাতে পারছেন না তিনি।
সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে তাঁরা গ্রাহকদের ভোগান্তির কথা শুনেছেন। আমানতকারীদের অভিযোগ, বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে গেলে তাঁদের অসহযোগিতার মুখে পড়তে হয়। কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী আজকের কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘ সময় ধরে নিজেদের টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে রয়েছেন। অনেকে জরুরি প্রয়োজনেও কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। এই অবস্থার দ্রুত সমাধানের মাধ্যমে স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
কর্মসূচি চলাকালীন সংগঠনের নেতারা জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। সংগঠনের দাবি অনুযায়ী, আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জরুরি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন নেতৃত্ব দেন।





