মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশ:

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ৩৪ ওভার শেষে দলীয় ৬৪ রানেই সবকটি উইকেট হারাল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর।

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছিল নাজমুল শান্তর দল। কিন্তু সফরকারীরা অজি পেসার স্টার্কের তোপের মুখে পড়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায়। মাত্র ৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এই সময়ে স্টার্ক ৪ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন। ক্যারিয়ারে এর আগেও জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তার।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তিনি। মাত্র ২২ বলে ফাইফার নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ৫ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন স্টার্ক। শেষ পর্যন্ত ১০ ওভারে মাত্র ১৩ রান খরচ করে বাংলাদেশের ৬ উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে ৬ ওভারই ছিল মেডেন।

৩৯ রানে নবম উইকেট হারিয়ে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে (৪৩) অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল। তবে তাইজুল ইসলাম ৩০তম ওভারের শেষ বলে হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা থেকে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪ রান এসেছে শরিফুল ইসলামের ব্যাট থেকে।

শেয়ার করুন