বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বর্তমানে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিট নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে লেনদেন হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—এই দুই ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছিল। দিনের লেনদেন শেষে উভয় বেঞ্চমার্কের দামই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, এই জলপথে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ও মূল্যের ওপর গভীর প্রভাব পড়তে পারে। এ কারণেই বিনিয়োগকারীরা এখন এই দুই দেশের সামরিক উত্তেজনা ও সমুদ্রপথের নিরাপত্তার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন।





