ইবিতে বহিরাগত কর্তৃক ভিডিও ধারণের ঘটনায় উপাচার্যের কাছে স্মারকলিপি

প্রকাশ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বহিরাগত ব্যক্তির অননুমোদিত ভিডিও ধারণ, শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগীয় শিক্ষার্থীরা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের একান্ত সচিব ও উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ১৮ আগস্ট রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করা হয়। ওই ঘটনার বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন ও অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের উপস্থিতিতে আলোচনা চলাকালে এক অপরিচিত বহিরাগত ব্যক্তি অনুমতি ছাড়াই গোপনে ভিডিও ধারণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং হুমকি প্রদান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির মোবাইল ফোনটি হেফাজতে নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ করছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং বহিরাগতদের বিভাগে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ বলেন, উপাচার্য মহোদয় প্রোগ্রামে ব্যস্ত থাকায় তিনি স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং পরে তা উপাচার্যের কাছে প্রেরণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান জানিয়েছেন, তিনি পিএসের মাধ্যমে একটি ডকুমেন্ট পেয়েছেন এবং তার জানা মতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; তবে তিনি বিষয়টি পুনরায় দেখবেন। উল্লেখ্য, এর আগে ১৬ আগস্ট ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া দুই শিক্ষকের বাকবিতণ্ডার ভিডিও ধারণের অভিযোগে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন