ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও লেনদেন স্থগিত করল আরব আমিরাত

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ এনে তেহরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আবুধাবির অভিযোগ অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং এর একটি আমিরাতের জলসীমায় ও অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়ে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্টো দাবি করেছেন, এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইউএইর এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। সাবেক মার্কিন জেনারেল ও সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিটের তথ্যমতে, দুবাই দীর্ঘদিন ধরে ইরানের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি জানান, চীন ও তুরস্ককেও ছাড়িয়ে দুবাই এখন ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ইরানের বার্ষিক আমদানির প্রায় এক-তৃতীয়াংশ কোনো না কোনোভাবে ইউএইর মাধ্যমে সম্পন্ন হয়। ২০২৩ সালে দুই দেশের সরকারি পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলারই ছিল ইউএই থেকে ইরানে রপ্তানি।

আনুষ্ঠানিক বাণিজ্যের বাইরেও দুবাই ইরানের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য আমদানি ও অর্থ স্থানান্তরের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মার্ক কিমিট মনে করেন, আমিরাতের এই পদক্ষেপের গুরুত্ব অপরিসীম এবং তেহরান একে ‘প্রায় যুদ্ধ ঘোষণার মতো’ হিসেবে বিবেচনা করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত ইউএইর এই কঠোর অবস্থান ইরানের অর্থনীতির ওপর চাপ আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন