বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ:

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ইত্যাদি জিন্স’ কারখানার শ্রমিকরা। বুধবার সকাল থেকে কারখানার শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এছাড়া কারখানা কর্তৃপক্ষ তাদের অন্যান্য ন্যায্য দাবিগুলোও পূরণ করছে না। শ্রমিকরা জানিয়েছেন, দ্রুত তাদের দাবি মেনে বকেয়া বেতন পরিশোধ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে।

শেয়ার করুন