লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

প্রকাশ:

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি লন্ডনে বসবাস করতেন এবং তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই মানিক উদ্দিন জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে পুলিশ তাঁদের বাসায় গিয়ে মাছুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ভোর আনুমানিক তিনটার দিকে গুলির শব্দ শুনে পুলিশ, অ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার উদ্দেশ্য কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। ড্যান হুইটেন স্থানীয়দের প্রতি সমবেদনা জানিয়ে অপরাধীদের শনাক্ত করতে সহায়তার আহ্বান জানিয়েছেন। ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা ১০১ নম্বরে (রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’) জানানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন