১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের অন্ত্যেষ্টিক্রিয়া ও পরিবহনে ৯ কোটি ৪৯ লাখ বরাদ্দ

প্রকাশ:

দেশের বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুপরবর্তী দাফন, সৎকার ও মরদেহ পরিবহনের জরুরি ব্যয় নির্বাহের জন্য ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে এই অর্থ ছাড় করা হবে। বরাদ্দের অর্থ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ছাড় করা হবে।

মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন অনুদান বাবদ রাখা ১৮ কোটি টাকা থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে এবং যথাযথ বিল দাখিলের মাধ্যমে জেলা বা উপজেলা ট্রেজারি থেকে তা সমন্বয় করতে হবে। আসাদুজ্জামান আদেশটিতে স্বাক্ষর করেছেন।

মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, ছাড়কৃত এই অর্থ কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার, সমাহিত এবং পরিবহনের কাজে ব্যয় করা যাবে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে এই তহবিল ব্যবহারের সুযোগ নেই। আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে দায়ভার বহন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে যে অর্থ ব্যয় হবে না, তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে ফেরত পাঠাতে হবে এবং বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বরাদ্দের এই আদেশটি যথাযথভাবে কার্যকর করতে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আদেশটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট সিস্টেম এনালিস্টকে অনুরোধ জানানো হয়েছে। এ জন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন