চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে রেমিট্যান্স প্রবাহ ৩২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স ২১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।





