ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাড়ি পার্কিং নিয়ে বাগ্বিতণ্ডার জেরে প্রকাশ্যে এক যুবক এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ওই যুবক একটি প্রাইভেট কারে এক তরুণীকে নিয়ে ঢাকার দিক থেকে এসেছিলেন এবং মহাসড়কের ওপর গাড়িটি পার্ক করেন। স্থানীয় এক ব্যক্তি গাড়িটি সরিয়ে নিতে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে এসে ওই স্থানীয় ব্যক্তিকে থাপ্পড় মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় প্রাইভেট কারে বসে থাকা অজ্ঞাত ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ এবং ‘কমিশনারের লোক’ হিসেবে পরিচয় দিয়ে গাড়ির ভেতরে রাখা ব্যাগ থেকে পিস্তল বের করেন। এরপর তিনি গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে মাটির দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলির শব্দে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। গুলিবর্ষণের পর যুবক ও তরুণী গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান। ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে চালকের আসনে বসে থাকা যুবককে গুলি করতে দেখা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। তিনি জানান, ঘটনার সময় হাইওয়ে পুলিশের কোনো টহল দল সেখানে ছিল না। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু জানান, ভিডিওটি তাঁদের হাতে এসেছে এবং এটি তাঁদের এলাকার কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে ওই যুবককে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।





