ফ্যাসিবাদ মুক্ত দেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক রাজস্ব সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার এনবিআর তথা দেশের পুরো রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, বিতাড়িত পতিত ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণনির্ভর ও আমদানি-নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল। তিনি জানান, বর্তমান সরকার বৈদেশিক সহায়তার ওপর অতিমাত্রায় নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেয়ার নীতির বিরোধী। তাই অভ্যন্তরীণ আয়ের উৎস এবং ক্ষেত্র বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অভিশাপে এনবিআর-এর মতো প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানটির ওপর মানুষের আস্থা কমিয়ে দিয়েছিল। তিনি বলেন, এনবিআর-এর কার্যক্রমের সাফল্যের ওপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল।

রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন আধুনিক রাজস্ব কর্মকর্তাকে অর্থনীতি, ব্যবসা, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। কর প্রদান পদ্ধতি সহজ, দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন যাতে মানুষ স্বেচ্ছায় কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি একই করদাতার ওপর বারবার বোঝা না বাড়িয়ে যোগ্য করদাতাদের শনাক্ত করে করের আওতায় আনার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা থাকলে করদাতার অফিসে আসার প্রয়োজন নেই। ভ্যাট ব্যবস্থার সফলতা এর কার্যকর বাস্তবায়নের ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং করদাতাদের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা জরুরি। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে এনবিআর-কে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করে।

শেয়ার করুন