জ্বালানি সংকট নিরসনে রাতে কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

দেশের জ্বালানি পণ্যের বাজারে বিরাজমান অস্থিরতা নিরসন এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) রাতে তিনি দোহার উদ্দেশে রওনা হবেন।

দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সোমবার প্রকাশিত সরকারি আদেশ অনুযায়ী, এই সফরের মূল লক্ষ্য কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করা।

জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিনিধিদলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদলে আরও থাকছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে জ্বালানি সরবরাহ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী কর্মীদের বর্তমান পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে প্রতিনিধিদলটির বুধবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন