আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময়ই দাবি করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস অতিক্রম হয়েছে। এই অল্প সময়ের মধ্যে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ জনগণের প্রশংসা পেয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিভিন্ন সংকটময় মুহূর্ত সফলতার সাথে মোকাবেলা করেছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে ছিল না। তবে সরকার দীর্ঘ এক মাস জ্বালানি ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেনি। পরবর্তীতে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জ্বালানি ও গ্যাসের বর্তমান সংকট বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। সরকার এখন সফলভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার চেষ্টা করছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত মজুদ রাখার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন