বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনটিকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি প্রতিবেদনটি এখনো পড়েননি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যতটুকু শুনেছেন তাতে মনে হয়েছে এটি কেবলই কিছু পর্যবেক্ষণ ও অনুমানের ওপর ভিত্তি করে তৈরি। তিনি স্পষ্ট করে বলেন, অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর সরকার নির্ভর করতে পারে না এবং তারা এটি আমলে নিচ্ছে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে অর্জিত সাফল্যগুলো তুলে ধরেন। গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি জনগণই নির্ধারণ করবে। তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন। তিনি উল্লেখ করেন, গত ছয় মাসে সরকার অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে বাস্তবায়িত ও শুরু হওয়া কর্মসূচিগুলো ইতিবাচক সাড়া পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি সংকটময় মুহূর্ত অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করেছে বলেও তিনি মন্তব্য করেন।





